পুঁজিবাজারের লুটেরাদের বিচার করুন

মানববন্ধনে গণফোরামের নেতারা

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজার থেকে ২৭ হাজার কোটি টাকা লুট করল কারা? এই প্রশ্ন রেখে অবিলম্বে লুটেরাদের নাম প্রকাশ ও তাদের গ্রেফতার করে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে গণফোরাম। গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে গণফোরাম আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ অবস্থান কর্মসূচি থেকে দলটির নেতারা এ দাবি জানান।

কর্মসূচিতে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, লুটপাটের সঙ্গে জড়িত ডিএসইর দুর্নীতিবাজদের অবিলম্বে বহিষ্কার করতে হবে। অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করে একটি সত্যিকারের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা হলে শেয়ারবাজারসহ সব ক্ষেত্রে শৃঙ্খলা ফিরে আসত। শেয়ারবাজারে অনেকে পুঁজি হারিয়ে সর্বস্বান্ত, হাজার হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত, বহু মানুষ বন্যাকবলিত—মানুষের যেন বাঁচার উপায় নেই। দেশ আজ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণফোরামের সভাপতি পরিষদের সদস্য মেসবাহউদ্দীন আহমেদ, যুগ্মসাধারণ সম্পাদক মোশতাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিম, সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেন, খান সিদ্দিকুর রহমান, নাছির হোসেন, শাহ নুরুজ্জামান, জাহাঙ্গীর হাসান ও মুহাম্মদ উল্লাহ মধু। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশীদ চৌধুরী, সহসাধারণ সম্পাদক নুরুল হক ও প্রচার সম্পাদক মিজানুর রহমান সংহতি প্রকাশ করে এতে বক্তব্য রাখেন।