মশার ওষুধের নমুনা ঢাকায় পৌঁছেছে

অবশেষে ঢাকায় এসে পৌঁছেছে বহুল কাঙ্ক্ষিত এডিস মশার ওষুধের নমুনা। প্রথম দফায় মশার ওষুধের যে নমুনাটি এসেছে সেটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার আওতাধীন এলাকায় ব্যবহারের জন্য বলে জানা গেছে। নতুন ওষুধের নমুনাটি ভারত থেকে আনা হয়েছে। গতকাল দুপুরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নমুনাগুলো ঢাকা এসে পৌঁছায় বলে জানিয়েছে ডিএসসিসির জনসংযোগ বিভাগ।

এ বিষয়ে ডিএসসিসির প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা (উপসচিব) নুরুজ্জামান জানান, আজ মঙ্গলবার ডিএসসিসিতে এই ওষুধের পরীক্ষা ও ফিল্ড টেস্ট শেষে আইইডিসিআর এবং কীটতত্ত্ব বিভাগে পাঠানো হবে।

গতকাল নগর ভবনে মেয়র সেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র সাঈদ খোকন বলেন, আমাদের নতুন ওষুধ চলে এসেছে। আজ মঙ্গলবার বিকাল ৩টায় নগর ভবনে সবার সামনে পরীক্ষা করা হবে। সকল সংস্থার প্রতিনিধিদের সামনে ওষুধের কার্যকারিতা পরীক্ষা করা হবে বলে জানান মেয়র।

সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বিধিবিধান মেনে ওষুধের কার্যকারিতা পরীক্ষা করতে হবে, পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না, তা-ও জানতে হবে। এই পরীক্ষা করবে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এবং কীটতত্ত্ব বিভাগ। সব নিয়মনীতি ও প্রক্রিয়া মেনে পরীক্ষা শেষ করতে ৭ থেকে ১০ দিন লাগে।