স্বাধীনতাবিরোধীরা এডিস মশার চেয়েও ভয়ংকর :কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগস্ট মাস শোকের মাস। এই মাস এলেই মাথাচাড়া দিয়ে ওঠে স্বাধীনতাবিরোধীরা। এরা এডিস মশার চেয়েও ভয়ংকর। তাই আগস্ট মাসে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ ও সতর্ক দৃষ্টি রাখতে হবে। এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপের মধ্যে ঈদযাত্রায় প্রতিটি বাস ছাড়ার আগে মশানাশক স্প্রে করার নির্দেশ দেন তিনি। গতকাল সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘আসন্ন ঈদুল আজহা উদ্যাপনে সড়কপথে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা’ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাস টার্মিনালগুলোতে মশা মারার ওষুধ ছিটাতে হবে। এছাড়া গাড়ির ভেতরেও স্প্রে করতে হবে। প্রতিটি বাস ছাড়ার পূর্বে বাসে মশানাশক অ্যারোসল স্প্রে করার জন্য মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। টার্মিনাল কর্তৃপক্ষ এবং মালিক সমিতি এরই মধ্যে এ নির্দেশনা বাস্তবায়নে সভা করেছেন, পরিকল্পনা নিয়েছেন। মন্ত্রী  বলেন, বাস টার্মিনালগুলোতে সেবাবান্ধব পরিবেশ থাকতে হবে। বিস্তারিত দেখভালের জন্য বনানীতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। টার্মিনালসমূহে পরিচ্ছন্নতা রক্ষা, মশক নির্মূলের পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণে তিনি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে     অনুরোধ জানান। এবারে ঈদে বিআরটিসির স্পেশাল সার্ভিসে সাড়ে ১১০০ বাস থাকছে জানিয়ে ওবায়দুল কাদের জানান, ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় সংগৃহীত ২৫০টি বাসও ঈদ বহরে যুক্ত হয়েছে। জরুরি প্রয়োজনে আরো ৫০টি বাস স্ট্যান্ডবাই রাখা হয়েছে। যেগুলো ঈদের সময় বিভিন্ন রুটে চলাচল করবে। ওবায়দুল কাদের বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোনোভাবে ভাড়া বাড়ানো যাবে না। ঈদে অতিরিক্ত ভাড়া নেওয়া হলে তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, বিজিএমইএর অনুরোধে পোশাক শ্রমিকদের জন্য ১৫১টি বাসের মধ্যে চট্টগ্রামে ২০টি বরাদ্দ দেওয়া হয়েছে, যা প্রয়োজনে বাড়তে পারে। বিজিএমইএ তিনদিন পর্যায়ক্রমে ছুটি দেবে। এতে রাস্তায় চাপ কম পড়বে। সড়কের পাশে পশুর হাট বসানোর ফলে যানজটের সৃষ্টি হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন,‘নিয়মের বাইরে পশুর হাট যেন না বসে,পশুর হাট নিয়ে যেন জনদুর্ভোগ না হয়, এসব বন্ধ করতে হবে যে কোনো মূল্যে। ঈদুল আজহা সামনে রেখে সড়কপথে যাতায়াত নির্বিঘ্ন করতে মন্ত্রণালয় একটি কন্ট্রোল রুম স্থাপন করেছে জানিয়ে তিনি বলেন, ‘বনানীতে বিআরটিএর সদর কার্যালয়ে এই কন্ট্রোল রুম ৬ আগস্ট  থেকে ১৭ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে।’ ওবায়দুল কাদের বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, জরুরি প্রয়োজনে হেলিকপ্টারও প্রস্তুত থাকবে এবারের ঈদে’।