স্বরাষ্ট্রমন্ত্রী আজ ভারত সফরে যাচ্ছেন

১৬ সদস্যের প্রতিনিধি দল নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ মঙ্গলবার তিন দিনের সফরে ভারত যাচ্ছেন। বিভিন্ন দ্বিপাক্ষিক কর্মসূচি নিয়ে তিনি দিল্লিতে থাকবেন ৮ আগস্ট পর্যন্ত। সফরে তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন। তবে গুরুত্ব পেতে পারে অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমন ইস্যু। দুই মাস আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এই প্রথম  কোনো বিদেশি মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন অমিত শাহ।

৭ আগস্ট বুধবার মূল বৈঠক অনুষ্ঠিত হবে  দিল্লির তাজ হোটেলে। ৮ আগস্ট বৃহস্পতিবার দেখা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ  মোদির সঙ্গে। ঐ দিন বিকালে ঢাকায় ফিরবেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলে থাকছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, স্বরাষ্ট্র সচিব (সুরক্ষা) মোহাম্মদ শহিদুজ্জামান, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল                 ইসলাম, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মোহাম্মদ আশরাফুল হক, পাসপোর্টের  অধিদপ্তরের মহাপরিচালক  মেজর জেনারেল সোহায়েল হোসেন খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জামাল উদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবু বক্কর সিদ্দিকী, মহাপরিচালক  এসআরসিসি (প্রধানমন্ত্রী দপ্তর) মহাপরিচালক নিলিমা আক্তার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হারুন অর রশিদ বিশ্বাস, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক তারেক মোহাম্মদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. দেওয়ান মাহবুবুর রহমান, ভূমি সংস্কার ও জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক (সার্ভে) মো. ফেরদৌস হোসেন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।

‘চাঁদাবাজি রোধে সতর্ক পুলিশ’

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পশুবাহী কোনো পরিবহন থেকে চাঁদা আদায় রোধ করতে আগে থেকেই সতর্ক আছে পুলিশ। তারপরও কেউ যদি এ ধরনের অপরাধ করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোমবার রাজধানীর ধানমন্ডিতে দ্বীন মোহাম্মদ আই হাসপাতালে ডেঙ্গু টেস্টের ফ্রি কার্যক্রম-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এ ধরনের চাঁদাবাজির অভিযোগ অনেক পুরনো। যে কারণে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্তাদের আগে থেকেই নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। সে পুলিশ, রাজনীতিক বা ছাত্রনেতা যেই হোক।