বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েক দিন আগে জেনেভাতে নির্যাতনবিরোধী কনভেশন হয়েছে। সেখানে আইনমন্ত্রী আনিসুল হক নির্জলা মিথ্যা কথা বলে এসেছেন। বর্তমান সরকার ১০/১২ বছর ধরে ক্ষমতায় কিন্তু কোনো জবাবদিহিতা করেনি। জাতিসংঘের ওই কমিটি নিজেরা উদ্যোগ নিয়ে বাংলাদেশকে ডাকে এবং বাংলাদেশে যে নির্যাতন হয় সে সম্পর্কে সরকারের বক্তব্য কী জানতে চায়। সেখানে আমাদের আইনমন্ত্রী অবলীলায় মিথ্যা কথা বলেছেন। আইনমন্ত্রী বলেছেন, বাংলাদেশে কোনো গুম-খুনের ঘটনা তার জানা নেই। ফখরুল বলেন, গতকাল (সোমবার) পত্রিকায় দেখেছি, একজন সিনিয়র সাংবাদিক মুশফিকুর রহমান গুম হয়ে গেছেন। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের এমপি ছিলেন ইলিয়াস আলী, চৌধুরী আলম কমিশনার ছিলেন, তাদের এখন পর্যন্ত খুঁজে পাইনি। আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির প্রায় ৫০০ নেতাকর্মী গুম হয়েছেন। তাদের খুঁজে পাওয়া যায়নি। আমরা এমন দেশে বাস করছি যেখানে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। সরকার নিজেদের সুরক্ষার জন্য দুর্নীতি করছে এবং দুর্নীতির টাকা দিয়ে বিদেশে বাড়ি বানাচ্ছে। যেখানে তারা বসবাসের জন্য ব্যবস্থা করছে।