রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে ডিবির ভুয়া পরিচয় দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ডাকাতি, অপহরণ, ছিনতাই, হত্যা-খুনসহ নানাবিধ অপরাধের সঙ্গে জড়িত ডাকাত দলের পাঁচ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-১-এর একটি আভিযানিক দল। ঘটনাস্থল থেকে ‘ডিবি পুলিশ’ লেখা একটি বোর্ড, দুটি ছুরি, দুটি সিগন্যাল লাইট, একটি হকিস্টিক ও দুটি মোবাইল ফোন জব্দ করে। আটকরা হলো—ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীননগর থানার মেড্ডা গ্রামের মো. আব্দুল হালিম মিয়ার ছেলে মো. মেহেদী হাসান, কসবা থানার মইনপুর গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে মো. সুমন হোসেন, জামালপুর জেলার ইসলামপুর থানার চিনেরচর নামাপাড়া গ্রামের মৃত ছাবির আলীর ছেলে মো. লিটন, শেরপুর জেলার রূপারপাড়া গ্রামের মো. সালাউদ্দিনের ছেলে মো. শাওন এবং বরিশাল জেলার উজিরপুর থানার নারায়ণপুর গ্রামের মো. হারুন অর রশিদের ছেলে মো. সাগর আহমেদ রবিন। উত্তরা র্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেম জানান, ডিবির ভুয়া পরিচয়ে দীর্ঘদিন যাবত্ তারা রাজধানীর উত্তরা, টঙ্গী এবং আশপাশের এলাকায় সাধারণ লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোন, টাকা-পয়সা, স্বর্ণালংকারসহ সর্বস্ব ডাকাতি করে নিয়ে যাচ্ছিল। প্রাইভেট গাড়ি তাদের অন্যতম টার্গেট। এই চক্রের সদস্যরা পূর্বপরিকল্পনা অনুযায়ী বিভিন্ন স্থানে ওত পেতে থাকে এবং রাস্তায় গাড়ি দেখামাত্রই সিগন্যাল লাইট দেখিয়ে গাড়ির গতি রোধ করে এবং নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের কাছ থেকে সর্বস্ব লুটে নিয়ে যায়। এই সংঘবদ্ধ ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক শোভাযাত্রা
গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ‘শেখ হাসিনার নির্দেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন পরিবেশ, আসুন গড়ি ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’—এই স্লোগান সামনে রেখে সোমবার সকালে গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ডেঙ্গু জ্বর প্রতিরোধে এডিশ মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি পরিচালনায় ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান এবং সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।