সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে পাকিস্তান দলের প্রতিটি খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হবে। এমনটা জানিয়েছিল দেশটির সংবাদমাধ্যম। তবে সেই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, দলের প্রতিটি খেলোয়াড়ের ওপর ৫০ লাখ রুপি করে জরিমানা আরোপের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। তবে পিসিবির মিডিয়া বিভাগের প্রধান আমির মীর এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন।
তিনি বলেন, ‘পিসিবি কখনোই এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। পুরো বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব। এ ধরনের জরিমানার কোনো নজির বা বিধান নেই।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ৬টি ম্যাচ খেলেছে পাকিস্তান। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও নামিবিয়ার বিপক্ষে জিতলেও হেরে গিয়েছিল ভারতের কাছে। আর সুপার এইটে নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। এরপর ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের দ্বারপ্রান্তে চলে যায় দলটি। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও ব্যবধান বড় রাখতে না পারায় সেমিফাইনালের আগেই বাদ পড়ে সালমান আগার দল।