‘আগামী ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর হাটের উদ্দেশে যাওয়া গরুবোঝাই ট্রাক বা নৌযান জোর করে নেওয়া যাবে না। কেউ গরুর রশি ধরে টান দিলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
গরু-সন্ত্রাসীদের সাবধান করে এই হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ। একইসঙ্গে ঈদ উপলক্ষ্যে ছিনতাই, চাঁদাবাজি, হকার ও পরিবহনে বিশৃঙ্খলা রুখতে আগের মতোই পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।
গতকাল সোমবার দুপুরে শহরের বাস টার্মিনালের বটতলায় পশুর হাটের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম, মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে লঞ্চ টার্মিনালে ঈদযাত্রীদের নিরাপদে যাতায়াত এবং অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চে যাতায়াত না করার জন্য লঞ্চের মালিক ও যাত্রীদের আহ্বান জানান এসপি হারুন। পরে তিনি বিআইডব্লিউটিএর মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতাবিষয়ক কর্মসূচির উদ্বোধন করেন। একইসঙ্গে লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
এসপি হারুন বলেন, ঈদকে ঘিরে জেলা পুলিশ চাঁদাবাজ, ছিনতাই, হকার মুক্ত ফুটপাত, যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। এছাড়া মাদক-সন্ত্রাস, ভূমিদস্যুদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত আছে।