মেয়রের পরিচয় দিয়ে স্বজনদের খুঁজে পেল দুই শিশু

রাজধানী ঢাকা থেকে হারিয়ে যাওয়া দুই শিশু বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পরিচয় দিয়ে স্বজনদের খুঁজে পেয়েছে। গতকাল সোমবার শিশু দুইটিকে কুমিল্লা পুলিশের কাছ থেকে উদ্ধার করে তাদের বাবা ও মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। হারিয়ে যাওয়া শিশু দুইটি হলো—বরিশাল নগরীর নথুল্লাবাদ লোহারপুল এলাকার হাবিব মিয়ার কন্যা জান্নাত (৭) ও পুত্র হাসান (৬)।

জানা গেছে, বরিশাল থেকে লঞ্চযোগে দুইদিন আগে মায়ের সঙ্গে ঢাকায় যায় জান্নাত ও হাসান। সেখান থেকে কুমিল্লার একটি ট্রেনে ওঠে পড়ে দুই ভাইবোন। সে সময় তাদের সঙ্গে থাকা মা পারভীন বেগম আর ট্রেনে উঠতে পারেননি। ট্রেনটি কুমিল্লায় পৌঁছানোর পর নাঙ্গলকোট থানার এসআই বিবাকার তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশের জিজ্ঞাসাবাদে জান্নাত ও হাসান কেউই বরিশালের সঠিক ঠিকানা বলতে না পারলেও বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে চেনেন বলে পুলিশকে জানায়।