৮ থেকে ১৩ আগস্ট বিআইডব্লিউটিসির বিশেষ স্টিমার ও ফেরি সার্ভিস

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নিয়মিত সার্ভিসের পাশাপাশি ঈদের আগে ও পরে ১৩ দিনব্যাপী বিশেষ ঈদ সার্ভিস পরিচালনা করবে। ঢাকা-চাঁদপুর-বরিশাল-মোড়েলগঞ্জ-খুলনা নৌরুটে ৮ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত ঈদস্পেশাল সার্ভিসে থাকছে অত্যাধুনিক বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ এমভি বাঙালি ও এমভি মধুমতি। এছাড়াও থাকছে প্যাডেল স্টিমার পিএস মাহসুদ, পিএস লেপচা ও পিএস টার্ন। প্রয়োজনে এ বিশেষ সার্ভিস বর্ধিত করা হবে। মূল ভূখণ্ড থেকে উপকূলীয় দ্বীপ ও দ্বীপ জেলাসমূহে জাহাজ ও সি-ট্রাক দ্বারা বিশেষ সার্ভিস পরিচালনা করা হবে।

উপকূলীয় সার্ভিস চট্টগ্রাম-সন্দ্বীপ-হাতিয়া-বরিশাল রুটে ৮ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত প্রতিদিন নিয়মিত ট্রিপসহ অতিরিক্ত আরো বিশেষ ট্রিপ পরিচালনা করবে। উপকূলীয় সার্ভিসে নিয়োজিত থাকবে এমভি বার আউলিয়া, এমভি আব্দুল মতিন ও এমভি মনিরুল হক। ইলিশা- মজুচৌধুরীরহাট, মনপুরা-শশীগঞ্জ, হাতিয়া-বয়ারচর, আলেকজান্ডার-মির্জাকালুর মধ্যে সি-ট্রাকগুলো নিয়মিত সার্ভিসের পাশাপাশি বিশেষ সার্ভিস পরিচালনা করবে। সি-ট্রাকগুলো হচ্ছে ‘এসটি ফজলুল হক মনি’, ‘এসটি সুকান্ত বাবু’, এসটি খিজির-৫ ও এসটি খিজির-৭। বাদামতলী-গাবতলী-বাদামতলী সার্কুলার নৌপথে ওয়াটারবাস-৫, ৬ ও ৮ এবং টঙ্গী-নারায়ণগঞ্জ-টঙ্গী সার্কুলার নৌপথে ওয়াটার বাস-১১ পরিচালনা করা হবে।

অন্যদিকে বৃহত্তর ফেরি সেক্টর পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়িসহ বিভিন্ন নৌপথে স্পেশাল সার্ভিস পরিচালিত হবে।  সার্ভিস সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য বিআইডব্লিউটিসির নিয়ন্ত্রণ কক্ষ খোলা থাকবে। নিয়ন্ত্রণ কক্ষের ফোন নাম্বার-৯৬৭৩৭৭৯।—প্রেস বিজ্ঞপ্তি