নদী পথে পশুবাহী ট্রলারগুলোকে অবশ্যই ব্যানার বহন করতে হবে। কোন হাটে বিক্রি হবে তা ব্যানারে উল্লেখ করতে হবে। নৌপথের মাঝে যদি কেউ ব্যানার খুলে অন্য ব্যানার লাগানোর জন্য জোর জবরদস্তি করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদুল-আজহায় নদী পথে পশু পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য গতকাল সোমবার নৌ পুলিশের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ডিআইজি আতিকুল ইসলাম এই নির্দেশনা দেন। মতবিনিময় সভায় দুর্ঘটনা মুক্ত নৌপথ, নৌ ট্রাফিক ব্যবস্থা, যাত্রী ও পশুবাহী নৌযান নিরাপদে চলাচল করতে পারে তার ওপর গুরুত্ব আরোপ করা হয়। ডিআইজি নৌ পুলিশ বলেন, সদরঘাটে লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন না করতে নৌ পুলিশকে সজাগ থাকতে হবে। এছাড়া নদীর মাঝ পথে নৌকা দিয়ে যাত্রীরা যেন জলযানে উঠতে না পারে—সে ব্যাপারেও ব্যবস্থা নিতে হবে।