পাকিস্তান-আফগানিস্তান কি যুদ্ধ লেগেই যাচ্ছে? 

প্রতিবেশী দুই রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। দেশ দুইটির পাল্টাপাল্টি হামলা সাম্প্রতিক সময়ে অনেক বেড়েছে। এরমধ্যে আফগানিস্তান সোমবার (১৬ মার্চ) অভিযোগ করেছে, রাজধানী কাবুলে একটি মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছে। 

তালেবান সরকারের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, সোমবার সন্ধ্যায় হাসপাতালটিতে হামলা চালানো হয়। তালেবান সরকারের দাবি অনুযায়ী, পাকিস্তানি বিমানবাহিনীর হামলায় চিকিৎসাধীন রোগী হতাহতের এ ঘটনা ঘটে।

তবে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় হাসপাতাল লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে, কাবুল ও পূর্ব আফগানিস্তানের নানগারহার প্রদেশে সামরিক স্থাপনা তথা সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তাকারী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। 

taleban

তবে আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শারাফাত জামান আমরখাইল বিবিসিকে জানান, হাসপাতালের আশপাশে কোনো সামরিক স্থাপনা নেই।

আফগানিস্তানে তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত ফেসবুকে এক পোস্টে দাবি করেন, পাকিস্তানের এই হামলায় ৪০০ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, স্থানীয় সময় রাত প্রায় ৮টা ৫০ মিনিটে কাবুলজুড়ে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শব্দও শোনা যায়।

প্রতিবেশী দুই দেশের মধ্যে চলমান সংঘাত গত কয়েক মাস ধরে চলছে। জাতিসংঘের আফগানিস্তান সহায়তা মিশনের তথ্য অনুযায়ী, গত ২৬ ফেব্রুয়ারি থেকে দুই দেশের সীমান্তে সংঘর্ষে শুরু হয়। এতে আফগানিস্তানে অন্তত ৭৫ জন নিহত এবং ১৯৩ জন আহত হয়েছেন।

গত অক্টোবরে দুই পক্ষ একটি নাজুক যুদ্ধবিরতিতে সম্মত হলেও তার পরও কয়েক মাস ধরে এই সংঘর্ষ চলতে থাকে।  বিশ্লেষকরা আশঙ্কা করছেন, দুই দেশের মধ্যে সংঘাত আরও বাড়তে পারে এবং যুদ্ধেও জড়িয়ে পড়তে পারে তারা।