বরগুনার পাথরঘাটা উপজেলায় প্রায় ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে হরিণঘাটা সংরক্ষিত বন এলাকায় সাপটি অবমুক্ত করা হয়। এ সময় স্থানীয় বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্র ও স্বেচ্ছাসেবী সংগঠন পাথরঘাটা অ্যানিম্যাল লাভার গ্রুপ জানায়, গত রোববার বলেশ্বর নদী সংলগ্ন রুহিতা এলাকায় লোকালয়ে অজগরটি দেখতে পান বাসিন্দারা। পরে খবর পেয়ে সংগঠনের মাঠকর্মী জাকির হোসেন মুন্সী সাপটিকে জীবিত উদ্ধার করেন।
উদ্ধারের পর সাপটি দুর্বল ও ক্ষুধার্ত থাকায় নিরাপদ স্থানে রেখে ইঁদুর ও ব্যাঙ খাওয়ানো হয়। পরবর্তীতে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে তাদের উপস্থিতিতে সাপটিকে হরিণঘাটা সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।
পাথরঘাটা অ্যানিম্যাল লাভার গ্রুপের প্রধান সমন্বয়ক আরিফুর রহমান জানান, এলাকায় প্রায়ই অসুস্থ বা বিপদগ্রস্ত বন্যপ্রাণী উদ্ধার করা হলেও সেগুলোর পরিচর্যার জন্য কোনো সরকারি বা বেসরকারি রেসকিউ সেন্টার নেই, যা একটি বড় সীমাবদ্ধতা।
পাথরঘাটা বন বিভাগের কর্মকর্তা নারায়ণ চন্দ্র দাস বলেন, বলেশ্বর ও বিষখালী নদীর জোয়ারের পানিতে অনেক সময় হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। স্থানীয়রা উদ্ধার করে খবর দিলে বন বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। তবে রেসকিউ সেন্টারের অভাবে এসব প্রাণীর যথাযথ পরিচর্যায় কিছুটা ঘাটতি থেকে যায়।