খাগড়াছড়িতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

খাগড়াছড়িতে ডেঙ্গু রোগে আক্রান্ত  রোগীর সংখ্যা ক্রমে বাড়ছে। গত ২৪ ঘন্টায় নতুন করে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে আক্রান্ত হয়েছে ৭ জন। খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে এ পর্যন্ত ভর্তি হয়েছে মোট ৩৪ জন। এরমধ্যে ৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বাকিরা চিকিৎসাধীন।

স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করছেন, আসন্ন কোরবানির ছুটিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অন্তত ২০ হাজার বাড়ি ফেরা মানুষ ও পর্যটকের যাতায়াত বাড়লে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। বর্তমানে স্থানীয়ভাবে আক্রান্তদের সংখ্যা বাড়তে থাকায় সতর্কতামূলক পদক্ষেপ  নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে খাগড়াছড়ি সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, ১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে স্থানীয়ভাবে আক্রান্তের সংখ্যা সাত। আক্রান্তদের বেশীরভাগই নারী ও শিশু।

আক্রান্তদের স্বজনরা জানান, ‘যেসব এলাকায় আবাসিক হোটেল রয়েছে সেখানে আক্রান্তদের সংখ্যা বেশী। স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তাদের মতে মূলত খাগড়াছড়ি জেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে  পর্যটকদের যাতায়াতের কারণে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। সময় থাকতে  স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়া না হলে ভয়াবহ আকার  ধারণ করবে। 

খাগড়াছড়ির ডেপুটি সিভিল সার্জন মিঠুন চাকমা জানান, দেশের অপরাপর জেলাগুলোর মতো পার্বত্য খাগড়াছড়ি জেলায়ও ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি উদ্বেগজনক। ইতিমধ্যে জেলা শহরে কয়েকটি ওর্য়াডের বাসিন্দা এডিস মশার কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

আরও পড়ুন: কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, খাগড়াছড়িতে পর্যটকদের যাতায়াত বেশি। এখন নতুন করে স্থানীয়ভাবেও আক্রান্ত হচ্ছে। এতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সর্তকতা নেওয়া হয়েছে। জনসচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানোর পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় সবধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/নূহু