মীরসরাইয়ে প্রাইভেটকার দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে মীরসরাইয়ে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। 

শনিবার (২১ মার্চ) ভোরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নয়দুয়ারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম এনামুল হক আইয়ুব (৪৫)। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাঘ গ্রামের মৃত শামসুল হকের ছেলে। অর্ণব করপোরেশনসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন আইয়ুব।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে কুমিল্লায় ঈদে যাওয়ার পথে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। 

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রাব্বানী জানান, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে।