ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ৩

ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছেন। বেপরোয়া গতিই এ দুর্ঘটনার মূল কারণ বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

রোববার (২২ মার্চ) বিকেল ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের কাঁঠালতলী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দ্বাড়িয়াকান্দি গ্রামের সাব্বির ভুঁইয়ার ছেলে বিজয় (১৮), একই গ্রামের আব্দুল হাই রিপনের ছেলে জাবের (১৮) এবং খালেকারকান্দি গ্রামের রতীন্দ্র বর্মণের ছেলে জিৎ বর্মণ।

কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক মঞ্জুরুল ইসলাম তিন কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুর্ঘটনার সময় মোটরসাইকেল আরোহী তিন কিশোর বেপরোয়া গতিতে দ্বাড়িয়াকান্দির দিকে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি উল্টে যায়। পরে পেছন থেকে আসা একটি পিকআপ তাদের চাপা দিলে ঘটনাস্থলেই বিজয় ও জাবের মারা যায়।

গুরুতর আহত অবস্থায় জিৎ বর্মণকে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।