উত্তরাঞ্চলের উদ্যোক্তাদের বিশেষ সুযোগ-সুবিধার আওতায় আনা হবে: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, উত্তরাঞ্চলে শিল্পায়নের ক্ষেত্রে উদ্যোক্তাদের বিশেষ সুযোগ-সুবিধার আওতায় আনা হবে। রংপুর শস্যের ভাণ্ডার, এখানকার কৃষিকে গুরুত্ব দিয়ে শিল্পায়ন করা হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন এবং শিল্পায়ন সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উত্তরাঞ্চলে শিল্পায়নের ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা বেশ ভাল রয়েছে বলে জানিয়ে ত্রাণ মন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের জমি সস্তা, শ্রম সস্তা, আইন-শৃঙ্খলা ভালো। তাই বিনিয়োগকারীদের আনাসহ উদ্যোক্তাদের সহযোগিতা করা গেলে শিল্পায়নে সরকারের নতুন আকাঙ্খা পূরণ হবে।

সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, আগামী বছরের মধ্যে উত্তরাঞ্চলসহ সারাদেশের বন্ধ থাকা শিল্প-কারখানাগুলো চালুর উদ্যোগ নেয়া হবে। তবে প্রতিটি কারখানা নিজস্ব সক্ষমতা গড়ে তুলতে হবে; বছরের পর বছর ভর্তুকি দেওয়া হবে না।

ড. তিতুমীর আরও জানান, সরকার নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ তহবিল গড়বে। এটি ব্যবহার করে নারীরা স্বাবলম্বী হবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে। অতীতের দিনগুলোতে নারী উদ্যোক্তাদের সহায়তার নামে লুটপাট হয়েছে, বর্তমান সরকার কঠোর নজরদারী করবে।