মোবাইলের হেডফোন কানে লাগিয়ে গান শুনতে শুনতে রেললাইন ধরে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেছে এক জেএসসি পরীক্ষার্থী। তার নাম আরিফ আল ইমরান (১৪)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উল্লাপাড়ার চাঁদপুর গ্রামের পাশে ঈশ্বরদী-ঢাকা রেলপথে। ইমরান উপজেলার বজ্রাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। এ বছর জেএসসি পরীক্ষা দিয়েছিল। তার বাবা মালদ্বীপে চাকরি করেন।
নিহত ইমরানের মা পারভীন আক্তার স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, সকালে তার ছেলে মোবাইল ফোন নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়। তারপর জানতে পারে সে ট্রেনে কাটা পড়েছে। পরিবারের লোকজন বিষয়টি ঝামেলা হবে মনে করে রেলপুলিশকে কিছু না জানিয়ে ইমরানের লাশ নিয়ে এসে গ্রামের কবরস্থানে দাফন করে।
আরও পড়ুনঃ ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দীতে ঐক্যফ্রন্টের জনসভা
মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক রকিবুল ইসলাম জানান, ইমরান ভাল ছাত্র ছিল। এ বছর তার স্কুল থেকে জেএসসি পরীক্ষা দিয়েছে।
ইত্তেফাক/নূহু