কোরবানির পশুর অনলাইন হাট

মাহবুব শরীফ

 

প্রতিবছরের মতো এবারও অনলাইনে জমে উঠেছে কোরবানির পশুর হাট। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে, খামারিরা পশু নিয়ে হাটে যাওয়ার বিকল্প হিসেবে অনলাইনেই সেগুলো বিক্রি করছে। অনলাইন মার্কেট প্লেসগুলোর পাশাপাশি ফেসবুক গ্রুপেও পাওয়া যাচ্ছে কোরবানির পশুর খোঁজ-খবর ও কসাই সার্ভিস। আগ্রহীরা অনলাইনে  কোরবানির পশু যাচাই তো করছেই অনেকে আবার বিক্রেতার সঙ্গে যোগাযোগ করে সরাসরি গিয়েও দেখে-শুনে তাদের পছন্দের পশুটি কিনে নিচ্ছে।  এমন কয়েকটি সাইট নিয়েই সাজানো হয়েছে এবারের অনলাইনে কোরবানির পশু বিক্রির আয়োজন।

বেঙ্গল মিট :দীর্ঘদিন ধরেই গরুর মাংস বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে অনলাইনের মাধ্যমে বিক্রি করে আসছে দেশীয় প্রতিষ্ঠান ‘বেঙ্গল মিট’। ঈদের আগে আগে প্রতিষ্ঠানটি অনলাইনে কোরবানির পশু বিক্রি করে বেঙ্গল মিট ডটকম সাইটটির মাধ্যমে। গত বছরের তুলনায় এ পর্যন্ত বিক্রি প্রায় ৪০ শতাংশ বেশি হবে বলে আশা প্রকাশ করেছে  বেঙ্গল মিট ডটকম কর্তৃপক্ষ। বেঙ্গল মিটের ওয়েবসাইটে ৭০ হাজার টাকা থেকে শুরু করে চার লাখের অধিক মূল্যের গরু বিক্রি হচ্ছে। এই সাইট থেকে ব্যবহারকারী রং, দাম ও গরুর জাত অনুযায়ী সার্চ করে পছন্দের গরু কিনতে পারবেন। এই অনলাইন হাট থেকে গ্রাহকরা কোরবানির পশু কেনার পাশাপাশি পাবেন মাংস প্রক্রিয়াকরণ এবং তা বাসায় পৌঁছে দেওয়ার সুবিধাও। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মহানগরের বাসিন্দারা কোরবানির গরু বাড়িতেই ডেলিভারি পাবেন। প্রতিষ্ঠানটি মাংস প্রক্রিয়াকরণের সার্ভিস অর্থাত্ কসাই সার্ভিস শুধুমাত্র রাজধানীতেই দিবেন। আগামী বছর এই সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

প্রিয়শপ ডটকম : দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফরম প্রিয়শপ ডটকম আয়োজন করেছে ‘ঈদ ফেস্ট’। ঈদুল আজহা উপলক্ষ্যে এই ফেস্টে বিভিন্ন পণ্যে ছাড়, ক্যাশব্যাক অফার, ভেল্যু প্যাক সুবিধা রয়েছে। এছাড়া ঘরে বসেই কেনা যাবে কোরবানির গরু এবং মিলবে ফ্রি ডেলিভারি সুবিধা। এই ফেস্ট চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত। এই সময় প্রিয়শপ ডটকম থেকে কেনাকাটায় বিকাশ পেমেন্টে মিলবে ২০ শতাংশ ক্যাশব্যাক সুবিধা। ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), সিটি ব্যাংক, লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড, এনআরবি ব্যাংক লিমিটেড এবং ইউপে গ্রাহকরা পাবেন ১৫ শতাংশ ডিসকাউন্ট।  প্রিয়শপ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন বলেন, ‘ঈদ মানে আনন্দ। এই আনন্দকে গ্রাহকরা যেন আরো উপভোগ করতে পারে সেই লক্ষ্যে প্রিয়শপ ঈদ শপিং ফেস্টের আয়োজন করেছে। কোরবানি ঈদে অনেকেই গরু কেনা নিয়ে বিপাকে পড়েন। তাই প্রিয়শপের ঈদ ফেস্টে রয়েছে গরু। সবগুলো গরুই অর্গানিক এবং গ্রাহকরা পাবেন ফ্রি ডেলিভারি। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পছন্দের পণ্যটি ঘরে বসেই অর্ডার করতে পারবেন গ্রাহকরা। কোরবানি ঈদ উপলক্ষ্যে পিয়শপে ডিজিটাল স্কেল, ছুরি, কাঁচি ও চামচ, স্লাইসার ইত্যাদি পণ্য ছাড়ে মিলছে। 

বিক্রয় ডটকম : অন্যান্য অনলাইন বেচাকেনার প্ল্যাটফরমগুলোর মতো বিক্রয় ডটকমেও মিলছে কোরবানির পশু। সাইটটিতে মিলছে গরু ও ছাগল। ৪৫ হাজার থেকে শুরু করে চার লাখের অধিক মূল্যের গরু মিলছে। এছাড়া ১৫ থেকে ৪০ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে ছাগল। বিক্রয় ডটকমের পক্ষ থেকে জানানো হয়, গত পাঁচ বছর ধরে কোরবানির পশু বিক্রি হয়ে আসছে এ সাইটে। এ বছর গ্রাহকদের জন্য তারা আরো বড়ো ধরনের আয়োজন করেছে। গত বছরগুলোর তুলনায় এ বছর আরো  বেশি সংখ্যক পশু মিলবে এখানে। ইতিমধে এক হাজারেরও বেশি পশু প্রদর্শিত হয়েছে এ সাইটে। ডটকমের সাইটে মেম্বারশিপ সার্ভিস নিবন্ধনের মাধ্যমে প্রায় ৭০টি গবাদি পশুর খামার ব্যবসায়ী কোরবানির পশু বিক্রি করেছেন। এবার কোরবানিতে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি হবে বলেও দাবি করেন বিক্রয় ডটকম কর্তৃপক্ষ।

বাগডুম ডটকম : বাগডুম ডটকমে  কোরবানির পশু না মিললেও পাওয়া যাবে কোরবানি সম্পর্কিত অন্যান্য পণ্য সামগ্রী। সাইটটিতে বিভিন্ন পণ্যের ওপর চলছে সর্বোচ্চ ৬৮ শতাংশ পর্যন্ত ছাড়। কোরবানি উপলক্ষ্যে রান্নার বিভিন্ন উপকরণের সমাহার বসেছে এ সাইটটিতে।

আজকের ডিল : আর একটি জনপ্রিয় অনলাইন মার্কেট প্লেসের নাম হলো—আজকের ডিল। সাইটটিতে কোরবানির পশু না মিললেও বিভিন্ন উপকরণ মিলছে। ডিজিটাল স্কেল, ছুরি, কাঁচি ও চামচ, স্লাইসার ইত্যাদি পণ্য ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। আজকের ডিল কর্তৃপক্ষ এ বিষয়ে জানিয়েছে, ঈদ উপলক্ষ্যে অনলাইনে কেনাকাটার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সেইসঙ্গে বিকাশ ও বিভিন্ন ব্যাংকের কার্ডে ডিসকাউন্ট থাকায় অনলাইনে পেমেন্টের হারও বাড়ছে। আজকের ডিলের গ্রাহকদের জন্য বিকাশ ও কার্ড পেমেন্টে রয়েছে ডিসকাউন্ট।

অনলাইনে কসাই সার্ভিস : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও পাওয়া যাচ্ছে কসাই। এর জন্য ‘Butcher Shop কসাই সাপ্লাই’ নামে একটি পেইজও আছে। পেইজে থাকা ফোন নাম্বারে ফোন করে কিংবা মেসেজ করে কসাই বুকিং করা যাবে। সেবাটি শুধু ঢাকার মধ্যেই পাওয়া যাবে। ফেইসবুকে এই পেইজের মাধ্যমে তিন বছর ধরে সবার সেবা দিচ্ছেন সোলায়মান হোসেন। তারা গত বছর প্রায় ৭০টি অর্ডার পেয়েছিল। এ বছর ১৫০ জন গ্রাহককে সেবা প্রদানে প্রস্তুত রয়েছে।