ইত্তেফাক রিপোর্ট
পুঁজিবাজারে আসার শর্তে সরকারি প্রতিষ্ঠান বি-আর পাওয়ারজেন লিমিটেডের ঋণ গ্রহণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে গতকাল শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর কার্যালয়ে অনমনীয় ঋণবিষয়ক কমিটির (স্ট্যান্ডিং কমিটি অন নন-কনসেশনাল লোন) ২৭তম সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচ্য বিষয় ছিল শ্রীপুর ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুেকন্দ্র প্রকল্প বাস্তবায়নের জন্য ঋণ গ্রহণ প্রস্তাব অনুমোদন। ঢাকার অদূরবর্তী গাজীপুর জেলা ও পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার ক্রমবর্ধমান শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরহের লক্ষ্যে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, অর্থমন্ত্রী দুটি শর্তের মাধ্যমে প্রকল্পটির ঋণ গ্রহণ প্রস্তাব অনুমোদন করেন। প্রথমত, অর্থ মন্ত্রণালয় থেকে কোম্পানির আর্থিক তারল্য সার্টিফিকেট নিতে হবে এবং দ্বিতীয়ত, পূর্ণমাত্রায় পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ার ছাড়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর মাধ্যমে দীর্ঘদিন প্রতীক্ষিত সরকারি কোম্পানির শেয়ার পুঁজিবাজারে আসতে শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী। প্রকল্পটি বাস্তবায়ন করছে বি-আর পাওয়ারজেন লিমিটেড। এটি একটি সরকারি লাভজনক কোম্পানি। জার্মানিভিত্তিক ঋণদানকারী প্রতিষ্ঠান কেএফডব্লিউর কাছ থেকে ঋণ গ্রহণ করা হবে। প্রকল্পটি আগামী ২০২১ সালের মার্চে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। তিন বছরের প্রাপ্যতা সময়কাল বিবেচনায় ঋণের কিস্তি পরিশোধ শুরু হবে ২০২৩-২৪ অর্থবছরে। বি-আর পাওয়ারজেন লি. চট্টগ্রামের মিরসরাই বঙ্গবন্ধু শিল্পনগরে সরকারি অর্থায়নে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরেকটি বিদ্যুেকন্দ্র নির্মাণ করছে। প্রকল্পটিতে আগামী জানুয়ারি ২০২০ সালে বাণিজ্যিক উত্পাদন শুরু হবে। ফলে কোম্পানিটির আর্থিক তারল্য বৃদ্ধি পাবে। যার পরিপ্রেক্ষিতে শ্রীপুর প্রকল্পের ঋণের কিস্তি পরিশোধ সহজতর হবে বলে উল্লেখ করা হয়।