বরিশালের মুলাদী

হঠাৎ মুহুর্মুহু হাতবোমা বিস্ফোরণে গ্রামজুড়ে আতঙ্ক 

বরিশালের মুলাদীতে একটি গ্রামে ৮-১০টি হাতবোমার বিস্ফোরণের খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের জয়ন্তী নদীর উত্তরপাড়ে ভেদুরিয়া গ্রামে এ বিস্ফোরণ ঘটানো হয়। এতে ভেদুরিয়া ও আশপাশের গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আধিপত্য বিস্তার করতে ও আতঙ্ক ছড়াতেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা।

এই বিস্ফোরণের খবর পেয়ে সফিপুর পুলিশ চৌকির পুলিশ সদস্যরা শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে ককটেল বিস্ফোরণের আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সফিপুর ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সোহেল।

এদিকে ভেদুরিয়া গ্রামের বাসিন্দা মো. মোকছেদ খান জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই গ্রামের খোকন খানের পরিত্যক্ত বাড়ির কাছে বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরবর্তীতে পর পর ৮-৯টি বিস্ফোরণের শব্দ হয়। এতে গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকায় আধিপত্য বিস্তার করতে একটি পক্ষ এই বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে ধারণা করছেন তিনি।

ওই গ্রামের বাসিন্দা ঝুমুর বেগম বলেন, ‘চিহিৃত কয়েকজন এলাকায় আতঙ্ক ছড়াতে এই বিস্ফোরণ ঘটাতে পারে। ঘটনার জোরালো তদন্ত দাবি করেন তিনি।

সফিপুর পুলিশ চৌকির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সোহেল জানান, বিস্ফোরণের অভিযোগ পেয়ে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী বলেন, বিস্ফোরণের বিষয়টি শুনেছি। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।