রানের শীর্ষে তৌহিদ হূদয়

এবার টাই করল যুব দল

 

  স্পোর্টস রিপোর্টার

শেষ দুই ওভারে ১৭ রান দরকার ছিল। ৪৯তম ওভারে ১ উইকেট হারিয়ে ৮ রান করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শেষ ওভারে দরকার ছিল ৯ রান। শেষ ৩ বলে দরকার ছিল ৭ রান। তৌহিদ হূদয় ৬ রান নিতে পারলেন। টাই হলো ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বাংলাদেশ যুব দলের এই রাউন্ডের ম্যাচ। তবে এই ম্যাচ দিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্টে রান সংগ্রাহকদের তালিকার শীর্ষে উঠে এলেন হূদয়।

ইংল্যান্ডে চলমান এই টুর্নামেন্টে আগেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। তারপরও এই ম্যাচ খেলতে হয়েছে আনুষ্ঠানিকতা হিসেবে। সেই ম্যাচে আগে ব্যাট করে ইংল্যান্ড করেছিল ৭ উইকেটে ২৫৬ রান। জবাবে বাংলাদেশ ৬ উইকেটে করে ২৫৬ রান।

আগে ব্যাট করা ইংল্যান্ডের প্রথম উইকেট ইনিংসের দ্বিতীয় বলেই তুলে নেন তানজিম হাসান সাকিব। এরপর জর্ডান কক্স ১২২ রানের অপরাজিত ইনিংস খেলে বড় স্কোরের দিকে নিয়ে যান ইংলিশদের। সেই সঙ্গে অধিনায়ক ব্যাল্ডারসন ৫৬ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশের হয়ে রাকিবুল হাসান ৩৩ রানে ৩টি, সাকিব ৬৮ রানে ২টি এবং অভিষেক ও রিষাদ ১টি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে বাংলাদেশ খুব ভালো শুরু করতে পারেনি। ৬১ রানে হারিয়ে ফেলেছিল তারা ৩ উইকেট। এখান থেকে হূদয় ও শাহাদাত ১৬০ রানের জুটি করেন। শাহাদাত ৭৬ রান করে আউট হন। আর হূদয় শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৩১ বলে ১০৪ রানের ইনিংস খেলে।

এই ইনিংসের ভেতর দিয়ে রান সংগ্রহে সবার ওপরে উঠে এলেন হূদয়। ৬ ম্যাচে ১০৪.৩৩ গড়ে হূদয়ের রান ৩১৩।