লর্ডস টেস্টে নেই অ্যান্ডারসন

  স্পোর্টস রিপোর্টার

ইংল্যান্ডের পেস আক্রমণের প্রধান ভরসা তিনি। কিন্তু ম্যাচ শুরু হতে না হতেই খেলা থেকে ছিটকে গিয়েছিল। এজবাস্টন টেস্টে মাত্র চার ওভার বল করতে পারা জেমস অ্যান্ডারসন লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকেও ছিটকে গেলেন। ইংল্যান্ড দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, এ পেসারের কাফ মাংশপেশীর ইনজুরি থেকে সেরে উঠতে সময় লাগবে। ফলে তৃতীয় টেস্টের আগে তাকে আর দলে পাওয়া যাবে না।

এজবাস্টন টেস্টে ক্রিস ওকস ও স্টুয়ার্ট ব্রড প্রথম ইনিংসে খুব ভালো বল করায় অ্যান্ডারসনের অভাব সেভাবে টের পাওয়া যায়নি। মাংশপেশীর চোটে তিনি প্রথম ইনিংসে চার ওভার বল করার পর মাঠ থেকে উঠে যান। এরপর অবশ্য দুই ইনিংসেই ব্যাট করেছেন ঐ ব্যথা নিয়ে।

ব্যথা পাওয়ার পর অ্যান্ডারসনের এমআরআই স্ক্যান করানো হয়েছে। যে পরীক্ষায় নিশ্চিত হয়েছে যে, তার কয়েক দিন সময় লাগবে। এ সময় তিনি ইংল্যান্ড ও কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের মেডিক্যাল দলের সঙ্গে কাজ করবেন।

জুলাইয়ের প্রথম দিকে ল্যাঙ্কাশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে গিয়ে ঠিক একই ধরনের ইনজুরিতে পড়েছিলেন দুনিয়ার সফলতম ফাস্ট বোলার অ্যান্ডারসন। এরপর কয়েক দফা ফিটনেস পরীক্ষা উতরে তবে অ্যাশেজের দলে এসেছেন তিনি। কিন্তু খেলার শুরুতেই আবার এ ইনজুরি বিপাকে ফেলে দলকে। ইংল্যান্ড শেষ পর্যন্ত এ অ্যাশেজ টেস্ট ২৫১ রানের বিশাল ব্যবধানে হেরেছে।

লর্ডস টেস্টে অ্যান্ডারসনে না পাওয়া গেলেও এরপর যে তিনটি টেস্ট থাকছে, সেখানে এ অভিজ্ঞ পেসারকে আশা করছে ইংলিশ ম্যানেজমেন্ট। তৃতীয় টেস্ট শুরু হবে ২২ আগস্ট। যদিও সংবাদ মাধ্যমের ধারণা অ্যান্ডারসন আসলে ফিরতে পারবেন ওল্ড ট্রাফোর্ডে শুরু হওয়া চতুর্থ টেস্টে।

অ্যান্ডারসন খেলতে না পারায় তার বদলি হিসেবে সবচেয়ে এগিয়ে থাকবেন জোফরা আর্চার। যিনি নিজেও মাত্র একটা ইনজুরি থেকে সেরে উঠলেন। তিনি সাসেক্সের দ্বিতীয় একাদশের হয়ে একটি তিন দিনের ম্যাচ খেলবেন। আর এরপর ফিটনেস টেস্ট প্রমাণ করে ফিরবেন দলে।

এজবাস্টনে অ্যান্ডারসন প্রথম দিনেই ইনজুরিতে পড়ায় সমালোচনা হয়েছে যে, ইংল্যান্ড চোটে থাকা অবস্থায়ই তাকে দলে নিয়েছিল কি না। অবশ্য এ সমালোচনার জবাব দিয়ে অধিনায়ক জো রুট বলেছেন, ‘ওকে দলে নেওয়াটা দলের একটা সমন্বিত সিদ্ধান্ত ছিল। সে সব ধরনের ফিটনেস পরীক্ষা পাশ করে দলে এসেছিল। ওর ইনজুরিটা একটা ভুতুড়ে ব্যাপার। ক্রিকেটে এ রকম ঘটে।’