‘প্রজন্মের সেরা ছিলেন স্টেইন’

স্পোর্টস রিপোর্টার

গত প্রায় দেড় দশক ধরে যে অল্প কয়েক জন ফাস্ট বোলার টেস্ট ক্রিকেটকে জমজমাট করে রেখেছিলেন, তাদের একজন ছিলেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন। সাদা পোশাকের ক্রিকেটকে এই কিংবদন্তি ফাস্ট বোলার বিদায় বলে দেওয়ার পর তার স্তুতি শোনা যাচ্ছে চারদিকে। তার সমকালীন ক্রিকেটাররা একবাক্যে জানাচ্ছেন, এই প্রজন্মের সেরা ফাস্ট বোলারদের একজন ছিলেন স্টেইন।

রবিবার ডেল স্টেইন জানান, তিনি আর টেস্ট ক্রিকেট খেলতে পারছেন না। তিনি বলেন, ‘আজ আমি যে ফরম্যাটের ক্রিকেটকে সবচেয়ে ভালোবাসি, সেটা থেকেই সরে দাঁড়াচ্ছি। আমার মতে, টেস্ট ক্রিকেট হলো খেলাটার সেরা সংস্করণ। এটা আপনার মানসিক, শারীরিক ও আবেগীয় পরীক্ষা নেয়। আর কখনো টেস্ট ক্রিকেট খেলব না, এটা ভাবা ভয়ানক ব্যাপার। তবে আর কখনোই ক্রিকেট খেলব না, এটা ভাবা আরো ভয়ানক। ফলে আমি ওয়ানডে ও টি-টোয়েন্টিই আমার বাকি ক্যারিয়ার জুড়ে খেলে যাব। যাতে আমি এই খেলাটায় আরেকটু লম্বা সময় টিকে থাকতে পারি।’

২০০৪ সালে টেস্ট খেলা শুরু করেন স্টেইন। এ বছর ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন ক্যারিয়ারের শেষ টেস্ট। এই সময়ে ৯৩টি টেস্টে ৪৩৯টি উইকেট নিয়েছেন। তবে শেষ বছর চারেক সময় একেবারেই টানা খেলতে পারেননি। ২০১৫ সাল থেকে প্রায়শ টেস্টের বাইরে থাকতে হয়েছে তাকে ইনজুরির কারণে। এই ইনজুরির কারণেই বিশ্বকাপ স্কোয়াড থেকেও ছিটকে যেতে হয়েছে টুর্নামেন্ট থেকে।

ডেল স্টেইনের টেস্ট ছেড়ে দেওয়ার খবরে দুঃখ প্রকাশ করে এই সময়ের অধিকাংশ ক্রিকেটার বলেছেন, স্টেইন তার প্রজন্মের সেরা ছিলেন। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস বলেছেন, ‘তার প্রজন্মের সে ছিল গ্রেটেস্ট। পরিসংখ্যান মিথ্যে বলে না এবং ডেল স্টেইনের পরিসংখ্যানই তার পক্ষে কথা বলে। আমি জানি, টেস্ট ক্রিকেট তার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। সে টেস্টে আরো অনেক কিছু অর্জন করতে চেয়েছিল।’

স্টেইনের সাবেক সতীর্থ এডি ডি ভিলিয়ার্স বলেছেন, ‘আমাদের মনে করার মতো অনেক স্মৃতি আছে। অনেক আগে একসাথে আমরা শুরু করেছিলাম। আমার সৌভাগ্য যে, আমি কাছে বসে ডেল স্টেইনের অনেক খেলা দেখতে পেরেছি এবং তাকে সময়ের সেরা হয়ে উঠতে দেখেছি। তুমিই সেরা ছিলে এবং তার চেয়ে ভালো একজন মানুষ ছিলে।’

সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার বলেছেন, ‘ডেল স্টেইনের দারুণ একটা ভবিষ্যত্ কামনা করছি। তুমি সবসময় ব্যাটসম্যানকে চ্যালেঞ্জ করতে পারতে। তোমার বোলিং দেখা এবং তোমার বিপক্ষে খেলাটা ছিল উপভোগের একটা ব্যাপার।’