চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে একটি খামারের ২৩টি গরু-ছাগল পুড়ে মারা গেছে। একই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের পাঁচটি দোকান। শুক্রবার গভীর রাতে ভাটিয়ারী ইউনিয়নের গোয়ালিনী গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‘মা-বাবার দোয়া অ্যাগ্রো ফার্ম’ নামের খামারটির মালিক হাবিবুর রহমান জানান, তার খামারে ১১টি গরু ও ১৩টি ছাগল ছিল। পাশের একটি মুদিদোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত খামারে ছড়িয়ে পড়ে। তিনি একটি গরু উদ্ধার করতে পারলেও বাকি পশুগুলো আগুনে পুড়ে মারা যায়।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তারা ঘটনাস্থলে পৌঁছাতে দেড় ঘণ্টার বেশি সময় নেয় বলে অভিযোগ করেন খামার মালিক। এর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানতে চাইলে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আহসান হাবিব বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯-এর মাধ্যমে ঘটনার বিষয়ে জেনেছে ফায়ার সার্ভিস। এরপর ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থলে রওনা দেয় ফায়ার সার্ভিসের দল। ঘটনাস্থল প্রায় ১৬ কিলোমিটার দূরে হওয়ায় পৌঁছাতে কিছুটা সময় লেগেছে।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। যদিও গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাতের দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু ঘটনাস্থলে গ্যাসের সিলিন্ডার পাওয়া যায়নি।’