স্পোর্টস রিপোর্টার
কয়েকদিন আগেই শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ১৬ আগস্ট বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা এইচপি ক্রিকেট দল। মাঠের ক্রিকেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াইটা এখানেই শেষ নয়। কারণ সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। সফরে স্বাগতিক ‘এ’ দলের বিরুদ্ধে তিনটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ‘এ’ দল।
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন। শ্রীলঙ্কা সফর থেকে ‘এ’ দল দেশে ফিরে আসবে অক্টোবরের প্রথম সপ্তাহে। তারপরই শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। দেশের প্রধান প্রথম শ্রেণির ক্রিকেট আসর এনসিএল শুরুর সম্ভাব্য সময় ১৫ অক্টোবর।
ঘরোয়া ক্রিকেটে তেমন কোনো খেলা না থাকলেও দেশের ক্রিকেটাররা গত জুলাই থেকে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। দেশের মাটিতে ‘এ’ দল হোম সিরিজ খেলেছে আফগানিস্তান ‘এ’ দলের বিরুদ্ধে। একই সময়ে বিসিবি একাদশ নামে একটি দল খেলেছে ভারতের কর্ণাটকে মিনি রঞ্জি ট্রফিতে। ঈদের পর লঙ্কানদের বিরুদ্ধে হোম সিরিজ খেলতে নামবে এইচপি দল। আগামী ২০ আগস্ট শুরু হতে পারে বাংলাদেশ জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। যেখানে ডাক পাবেন ৩০ থেকে ৩২ ক্রিকেটার। আফগানিস্তানের বিরুদ্ধে হোম সিরিজের দলে যারা সুযোগ পাবেন না ওই সব ক্রিকেটারদের নিয়ে গঠন করা হবে শ্রীলঙ্কা সফরের ‘এ’ দল। লঙ্কায় পূর্ণশক্তির ‘এ’ দল পাঠানোর চিন্তা করছেন নির্বাচকরা। ১৫ সেপ্টেম্বর কলম্বোর উদ্দেশে দেশ ছাড়ার কথা বাংলাদেশ ‘এ’ দলের।