সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানালেন কেজরিওয়াল

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল ইস্যু

গণতন্ত্রের ওপর আঘাত :কমল হাসান

ভারতীয় সংবিধানে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ অনুচ্ছেদ রদের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অপরদিকে সরকারের ঐ সিদ্ধান্তকে গণতন্ত্রের ওপর আঘাত বলে মন্তব্য করেছেন তামিলনাড়ুর রাজনৈতিক দল মাক্কাল নিধি মাইয়ামের (এমএনএম) প্রতিষ্ঠাতা ও সাবেক অভিনেতা কমল হাসান। 

এক টুইট বার্তায় কেজরিওয়াল বলেন, ‘জম্মু ও কাশ্মীর নিয়ে সরকারের সিদ্ধান্তকে আমরা সমর্থন জানাই। আমরা আশা করছি, এর ফলে রাজ্যটিতে শান্তি ও উন্নয়ন নিশ্চিত হবে।’ কেজরিওয়ালের এই টুইট বার্তার মন্তব্যের ঘরে পক্ষে-বিপক্ষে সমালোচনার ঝড় ওঠে। এই বিল পাশের মাধ্যমে কাশ্মীরিদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন অনেকে। অন্যদিকে ভারতীয় সরকারের নিয়ন্ত্রন প্রতিষ্ঠার পক্ষেও মত দেন অনেকে।

এদিকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদে দেওয়া জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলকে গণতন্ত্রের ওপর আঘাত বলে মন্তব্য করেছেন ভারতীয় রাজনীতিবিদ কমল হাসান।  পার্লামেন্টে এই মর্যাদা বাতিলের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন তামিলনাড়ুর রাজনৈতিক দল মাক্কাল নিধি মাইয়ামের (এমএনএম) প্রতিষ্ঠাতা। এক সময়ে দক্ষিণ ভারতের জনপ্রিয় এই অভিনেতা সরকারের সিদ্ধান্তকে চরম প্রতিক্রিয়াশীল ও স্বৈরাচারী আখ্যা দিয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভি।

ভারতীয় সংবিধানের যে ৩৭০ নম্বর ধারায় কাশ্মীরকে স্বায়ত্তশাসিত রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল সোমবার সেটি বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষে বিরোধীদের তীব্র বাধা ও বাগবিণ্ডার মধ্যেই জম্মু কাশ্মীর রাজ্যকে কেন্দ্রশাসিত দুইটি অঞ্চলে পরিণত করার বিলটি পাস হয়। বিরোধী দলগুলো বলছে, কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের কারণে এ অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। গত সপ্তাহ থেকেই রাজ্যে অতিরিক্ত আধা-সামরিক বাহিনী মোতায়েন করছে কেন্দ্রীয় সরকার। এছাড়া শুক্রবারই অমরনাথ তীর্থযাত্রী ও পর্যটকদের রাজ্য ছেড়ে চলে যেতে বলা হয়েছে।