চিঠিও পাঠানো যাবে না

 

জম্মু ও কাশ্মীরে আপাতত কোনো চিঠিও পাঠানো যাবে না। শুধু চিঠি নয়, নিষেধাজ্ঞা রয়েছে সব ধরনের পার্সেল নিয়েও। পূর্ব-ভারতের পোস্টমাস্টার জেনারেল নীরজ কুমার জানিয়েছেন, এ বিষয়টি অভ্যন্তরীণ বিষয়। তাই তিনি এ নিয়ে কোনো মন্তব্য করবেন না।

সোমবার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে ভারত। তারপর থেকেই জম্মু-কাশ্মীরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জারি রয়েছে। ডাক বিভাগ জানিয়েছে, ভারতের বিভিন্ন রাজ্যে কেন্দ্রের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

ঐ নির্দেশিকায় বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা হারিয়ে ফেলার আগেই এই নির্দেশিকা পাঠানো হয়েছে এবং সেখানে জম্মু ও কাশ্মীরকে রাজ্য বলেই উল্লেখ করা হয়েছে। বেসরকারি কুরিয়ার সার্ভিসও আপাতত জম্মু ও কাশ্মীরে তাদের পরিষেবা বন্ধ রেখেছে বলে ডাক বিভাগ সূত্র জানিয়েছে। নির্দেশিকায় আরো বলা হয়, জম্মু ও কাশ্মীরের পথেও হয়তো ইতিমধ্যেই অনেক চিঠি পাঠানো হয়ে থাকতে পারে। হয়তো দুই দিন আগেই কোনো চিঠি বা পার্সেল পাঠানো হয়েছে। সেগুলো সেভাবেই আটকা থাকবে। খবর এনডিটিভির