স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারো রংপুর কেন্দ ীয় কারাগারে নেয়া হয়েছে মানহানি মামলায় গ্রেফতার সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে। গতকাল শনিবার সকালে কড়া পুলিশি নিরাপত্তায় কারাগারের একটি মাইক্রোবাসে তাকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে তার প্রায় দেড় ঘণ্টা স্বাস্থ্য পরীক্ষা হয়। রংপুর কেন্দ্রীয় কারাগারের জেলার আমজাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে ব্যারিস্টার মইনুল হোসেনের স্বাস্থ্য পরীক্ষা করে রবিবারের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। রংপুর কারা কর্তৃপক্ষ ও রংপুর মেডিক্যাল কর্তৃপক্ষকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। একই সঙ্গে অন্য কোনো জেলায় স্থানাস্তরের সময় তাকে যথাযথ নিরাপত্তা দিতে সরকারকে নির্দেশ দেন আদালত।
দুই আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মোঃ ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আজ রবিবার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গত ৩ নভেম্বর জামিন আবেদন শুনানির জন্য ঢাকা থেকে রংপুর কারাগারে আনা হয় মইনুল হোসেনকে। পরদিন তাকে আদালতে হাজির করে জামিন আবেদন জানালে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, দৈনিক আমাদের নতুন সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক মাসুদা ভাট্টিকে উদ্দেশ করে ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টিভির একটি অনুষ্ঠানে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে মইনুল হোসেনের বিরুদ্ধে গত ২২ অক্টোবর রংপুরে মামলা দায়ের করেন মানবাধিকার কর্মী মিলি মায়া বেগম। ওইদিন তাকে আটক করা হয়।