শ্রীমঙ্গলে প্রতারক চক্রের দুই সদস্য আটক

অভিনব প্রতারণা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

অভিনব প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন এলাকার লোকজনের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

র্যাব-৯-এর দপ্তরে সোমবার সকালে মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান সংবাদ সম্মেলনে জানান, প্রতারক চক্র বাংলাদেশ থেকে ৩ হাজার কোটি টাকার একটি দুর্লভ বস্তু আমেরিকায় বিক্রি করা হয়েছে বলে প্রচার করে। আমেরিকা থেকে এ টাকা আনতে ৩০০ সদস্যের একটি কমিটি লাগবে এমন ঘোষণায় প্রত্যেক সদস্যকে কমপক্ষে ১ লাখ টাকা করে দিতে হবে। এভাবে ১০০ কোটি টাকার ফান্ড হয়ে গেলেই আমেরিকা সরকারকে জানানো হবে। পরে বিনিয়োগ অনুযায়ী টাকা ভাগ করে নেওয়া হবে। কেউ চাইলে এ টাকা দিয়ে লন্ডন, আমেরিকা, কানাডা ও সিঙ্গাপুরে ফ্ল্যাট বাড়িও কিনতে পারবেন।

গত শুক্রবার র্যাব-৯-এর শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা ঢাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের যে দুই সদস্যকে আটক করেন তারা হলেন— মৌলভীবাজার সদরের জাহাঙ্গীর আলম ও হবিগঞ্জের মাসুদ রানা। র্যাব জানায়, প্রতারক চক্র সরকারি বিভিন্ন দফতরের জাল সিল, কাগজপত্র ও অবৈধ পাসপোর্ট তৈরি করে মানুষকে দেখাত। যারা টাকা দিয়ে সদস্য হতো তারা যাতে ঘটনাটি গোপন রাখে সেজন্য ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষরও নিত প্রতারক চক্র।