শেরপুরে কাপড়ের ট্রাঙ্ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শেরপুরের শ্রীবরদীতে তালাবদ্ধ একটি কাপড়ের ট্রাঙ্ক (স্টিল বক্স) থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০১ এপ্রিল) দুপুরে শ্রীবরদী পৌরসভার তাতিহাটি নয়াপাড়া এলাকার ঢালিবাড়ি মোড় থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে একটি পিকআপ ভ্যান থেকে কে বা কাহারা একটি তালাবদ্ধ ট্রাঙ্ক নামিয়ে রেখে চলে যায়। এ নিয়ে জনমনে কৌতূহল সৃষ্টি হয়। ট্রাংকের কাছে যেতেই দুর্গন্ধ পাওয়া যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাঙ্কের তালা ভেঙে বিছানার তোশক ও প্লাস্টিকের বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় মরদেহটি দেখতে পায়। তবে মরদেহটি ফুলে যাওয়ায় চেহারা বুঝা যাচ্ছে না। ধারানা করা হচ্ছে কয়েকদিন আগেই মেরে মরদেহটি ট্রাংকে ভরে ফেলে রাখা হয়।

প্রত্যক্ষদর্শী বিনা বেগম বলেন, সকালে একটি পিকআপ ভ্যান থেকে কয়েকজন ব্যক্তি ট্রাঙ্কটি এখানে নামায়। তাদের জিজ্ঞেস করলে তারা বলে, পরে এসে নিয়ে যাবো।

থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে এখনো মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।