১৪ ফুট লম্বা অজগর উদ্ধার, লাউয়াছড়ায় অবমুক্ত

মৌলভীবাজারের কমলগঞ্জে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। উদ্ধার হওয়া সাপটি ১৪ ফুট লম্বা এবং এর ওজন প্রায় ৪০ কেজি।  

মঙ্গলবার (৩১ মার্চ) ১২টার দিকে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের উদ্ধারকারী দল যৌথভাবে সাপটিকে বনের গহিন অরণ্যে ছেড়ে দেয়। 

বন বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কমলগঞ্জ সদর ইউনিয়নের হীড বাংলাদেশ কার্যালয়সংলগ্ন এলাকার বাসিন্দা মিজান মিয়ার বসতবাড়িতে সাপটি ঢুকে পড়ে। 

মিজান মিয়া জানান, সাপটি তার বাড়িতে ঢুকে মুরগি খাওয়ার চেষ্টা করছিল। তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেন। পরে উদ্ধারকারীরা এসে রাত ১২টার দিকে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে লাউয়াছড়া বনে নিয়ে যায়।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের মাঠ সহকারী চঞ্চল গোয়ালা বলেন, সাপটি বেশ বড় এবং সম্পূর্ণ সুস্থ ছিল। বন বিভাগের উপস্থিতিতে রাতেই এটিকে উদ্যানের নিরাপদ ও গভীর এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হক বলেন, সাপটি সুস্থ থাকায় প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।