রাজধানীতে র‌্যাবের অভিযানে মিললো ২৬ কেজি গাঁজা, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর লালবাগ এলাকায় প্রায় ২৬ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১ এপ্রিল) র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেলে লালবাগ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ ৮০ হাজার টাকা বাজার মূল্যের এসব গাঁজা উদ্ধার করা করা হয় বলে ভাষ্য র‌্যাবের।

গ্রেপ্তাররা হলেন- মো শাহজাহান (৬০) সাবেরা বেগম (৪৯), সুমি আক্তার (৩৭), রুমি বেগম (৩৪)।

র‌্যাব জানায়, গ্রেপ্তাররা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধার হওয়া মাদকসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে লালবাগ থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেকোনো ধরনের অপরাধ দমনে র‌্যাবের নজরদারি ও অভিযান চলমান থাকবে।