পাবনার ঈশ্বরদীতে অনুমোদনহীন একটি তেল পাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাম্প কর্তৃপক্ষকে জরিমানাও করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের পূর্ব বাঘইল এলাকায় অবস্থিত যমুনা মিনি তেল পাম্পে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোট ১৩ হাজার ৫০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। এর মধ্যে প্রায় ৪ হাজার ৫০০ লিটার অকটেন, ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল এবং ৪ হাজার ৫০০ লিটার ডিজেল ছিল। দীর্ঘদিন ধরে পাম্পটি বন্ধ রেখে এসব তেল অবৈধভাবে মজুত করা হয়েছিল বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত পাম্প কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করে। একই সঙ্গে উদ্ধার করা জ্বালানি তেল সাধারণ ক্রেতাদের কাছে উন্মুক্তভাবে বিক্রির ব্যবস্থা করা হয়, যাতে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, “অবৈধভাবে মজুত রাখা তেল উদ্ধার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।”
স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ ধরনের অবৈধ মজুত ও জ্বালানি ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।