জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে সংসদ সদস্যদেরকে নিজ নিজ নির্বাচনী এলাকায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদ্বয়ের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন জানিয়ে স্পিকার বলেছেন, জাতীয় সংসদের পক্ষ থেকে উভয় সিটি করপোরেশনকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। গতকাল মঙ্গলবার পার্লামেন্ট মেম্বার্স ক্লাব আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, সারাদেশের ন্যায় জাতীয় সংসদের মেডিক্যাল সেন্টারকে ডেঙ্গু চিকিত্সা দেওয়ার জন্য সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। ঈদের ছুটিতেও চিকিত্সাসেবার ব্যবস্থা থাকবে। ইতিমধ্যে সংসদের মেডিক্যাল সেন্টারে ১০০টি ডেঙ্গু শনাক্তকরণ কিট আনা হয়েছে। সংসদের চিফ হুইপ ও পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ ইকবালুর রহিম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু, পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের কোষাধ্যক্ষ এনামুল হক, সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান প্রমুখ।