ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে বরযাত্রীদের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে বর-কনেসহ ১২ জন আহত হয়েছেন। এ ঘটনায় একটি প্রাইভেটকার ও দুটি মাইক্রোবাস ভাঙচুর এবং প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার আজিমনগর ইউনিয়নের আজিমনগর মোড়া বাজারে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে দুষ্কৃতকারীদের নাম-পরিচয় জানা যায় নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলার চান্দা সোনামুখী এলাকার প্রবাসী ইব্রাহিম মোল্লা রাজৈর কাসেমপুর এলাকা থেকে বিয়ে করে নতুন বউ নিয়ে ফিরছিলেন। এসময় পথে আজিমনগর মোড়া বাজার এলাকায় যানজটের সৃষ্টি হয়। যানজটের মধ্য ১৫/২০ জন যুবক মোটরসাইকেলে হর্ন দিতে থাকেন। এ নিয়ে মোটরসাইকেলে থাকা কয়েকজন যুবকের সঙ্গে বরপক্ষের লোকজনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা হামলা, মারধর ও গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গুরুতর আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বর ইব্রাহিম মোল্লা বলেন, আমাদের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে এবং কনেসহ আমাদের কয়েকজন নারীর প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার ছিনতাই করে নিয়ে যায়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় বর ইব্রাহিম মোল্লার পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরে বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে অভিযোগটি স্থগিত করার জন্য আবেদন করা হয়েছে। তারা স্থানীয়ভাবে বিষয়টি সমাধান করবে বলে জানিয়েছেন।