টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
টঙ্গীর দুুটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, স্থানীয় তিস্তারগেট এলাকার ম্যারিকো বাংলাদেশ লিমিটেড নামের একটি নারিকেল তেল বোতলজাতকরণ কারখানার গোডাউনে সকাল ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে গোডাউনে রক্ষিত মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়।
অপরদিকে টঙ্গীর মুদাফা এলাকার এনন টেক্স লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান শুভ্র মিলান্স স্পিনিং কারখানায় বেলা ১১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরার ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় দুটি ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে। টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঐ দুটি অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।