মানিকগঞ্জে বিআরটিসি বাসের চাপায় গরু ব্যবসায়ী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে ঢাকাগামী বিআরটিসি বাসের চাপায় আব্দুর রাজ্জাক (৬০) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গরু ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ফলসাটিয়া এলাকার মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা জানান, আব্দুর রাজ্জাক পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। গরু ক্রয় করতে হাটে যেতে রাস্তা পারাপারের সময় ঢাকামুখী বিআরটিসি বাসের চাপায় দুর্ঘটনাস্থলে নিহত হন তিনি। বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।