প্রবাসী তরুণ উদ্যোক্তা শাকিব উদ্দিন দীর্ঘদিন ধরে দুবাইয়ের রিয়েল এস্টেট কোম্পানিগুলোর সঙ্গে ফ্ল্যাট বিক্রির চ্যানেল পার্টনার হিসেবে কাজ করে আসছেন। তারই প্রেক্ষিতে সম্প্রতি দুবাইয়ের অন্যতম স্বনামধন্য রিয়েল এস্টেট কোম্পানি আজিজি ডেভেলপমেন্ট থেকে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি।
দুবাইয়ের অন্যতম রিয়েল এস্টেট কোম্পানি আজিজি ডেভেলপমেন্ট প্রতিবছর তাদের সেরা চ্যানেল পার্টনারদেরকে অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করে থাকেন। এরই ধারাবাহিকতায় এ বছরও সেরা ১০০ জন চ্যানেল পার্টনারকে সম্মাননা প্রদান করে। এই তালিকায় জায়গা পেয়েছেন এমজে প্রোপার্টিজ-এর সেরা চ্যানেল পার্টনার মো. শাকিব উদ্দিন ও কর্ণধার আকিব মুনির।
শাকিব উদ্দিন বলেন, আমার কাছে এই অ্যাওয়ার্ডটি শুধু একটি সাফল্যের প্রতীকই নয়; এটি পরিশ্রম, সততা, দূরদৃষ্টি, শৃঙ্খলা, সহনশীলতা এবং শ্রেষ্ঠত্বের প্রতি অবিচল প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে। জীবনের প্রতিটি মাইলফলক নির্মিত হয় কঠোর পরিশ্রম, কৌশলগত মনোযোগ এবং সীমাবদ্ধতা অতিক্রম করে এগিয়ে যাওয়ার সাহসের মাধ্যমে। এই অসাধারণ স্বীকৃতির জন্য আজিজির প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এই এওয়ার্ডই আমার শেষ গন্তব্য নয়; এটা আমার কাজের সামান্য সূচনা মাত্র।
প্রবাসে অবস্থান করেও বাংলাদেশি তরুণদের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠছেন মো. শাকিব উদ্দিন। তার এই অর্জন নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য আত্মবিশ্বাস, সাহস এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের একটি ইতিবাচক উদাহরণ হিসেবে কাজ করবে।