কাশ্মীর সম্পর্কে ভারতের বর্তমান ক্ষমতাসীন সরকারের গৃহীত সাম্প্রতিক পদক্ষেপে যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে সিপিবিসহ বাম রাজনৈতিক দলের নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল মঙ্গলবার পৃথক প্রতিক্রিয়ায় তারা বলেছেন, ভারতের সংবিধান থেকে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ মোদি সরকারের ‘সাংবিধানিক ক্যু’।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক যুক্ত বিবৃতিতে বলেন, ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে যে বিরাট সংকটজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা বাংলাদেশ এবং গোটা উপমহাদেশের স্থিতিশীলতার জন্য বিরাট হুমকি। এ পরিস্থিতি ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা ও সামরিক শক্তির মহড়া বাড়াবে। একই সঙ্গে এই পরিস্থিতির সুযোগ নিয়ে সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িক শক্তি পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে বলেছেন, ভারতের সংবিধান থেকে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ মোদি সরকারের ‘সাংবিধানিক ক্যু’। এই পদক্ষেপ ভারতের জনগণের জন্যও আত্মঘাতী।