অপহরণের ২১ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

রাজধানীর খিলক্ষেত থেকে অপহরণের দীর্ঘ ২১ দিন পর অপহূত স্কুলছাত্রী জান্নাতুল ফেরদৌস শাম্মিকে (১৫) উদ্ধার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। গত সোমবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চৌধুরীপাড়া থেকে তাকে উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার পিবিআইর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১৬ জুলাই খিলক্ষেতের ৪৯ নম্বর কাওলার ট্রান্সমিশন রোডের বাসা থেকে  ঐ স্কুলছাত্রী অপহূত হয়।

পিবিআই ঢাকা মেট্রোর বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, ভিকটিম জান্নাতুল ফেরদৌস শাম্মি রাজধানীর সিভিল এভিয়েশন হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। ১৬ জুলাই বিকেলে শাম্মিকে বাসায় রেখে তার মা-বাবা দক্ষিণখানে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বিকেল ৫টার দিকে মো. নাজমুল হোসেনসহ তার সহযোগীরা ফুসলিয়ে পার্কে বেড়ানোর কথা বলে শাম্মিকে অপহরণ করে নিয়ে যায়। পরে শাম্মির বাবা আবুল বাশারকে ফোন করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দিলে শাম্মিকে ভারতে পাচার করে দেওয়ার হুমকি দেয়।