ভেনেজুয়েলার ওপর সার্বিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, নির্বাহী আদেশের মাধ্যমে দেশটির ওপর থাকা নিষেধাজ্ঞা আরো বিস্তৃত করা হবে। এই নিষেধাজ্ঞার আওতায় ভেনেজুয়েলা সরকার ও এর সহযোগীদের সম্পদ জব্দ করা হবে এবং তাদের সঙ্গে অর্থনৈতিক লেনদেন নিষিদ্ধ করা হবে। তবে মানবিক সহায়তার মতো কিছু বিষয়ে এই নিষেধাজ্ঞা শিথিল করা হবে।
সোমবার রাতে কংগ্রেসকে লেখা এক চিঠিতে ট্রাম্প বলেন, অবৈধ মাদুরো সরকারের বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে তাদের সম্পদ জব্দ করা জরুরি বলে আমি বিশ্বাস করি। দেশটিতে গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। ওই নির্বাচনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নির্বাচিত হন। কিন্তু নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে বিরোধী নেতা হুয়ান গুয়াইদো এ বছরের শুরুর দিকে নিজেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেন। তাকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ।