নোবেলজয়ী সাহিত্যিক টনি মরিসন আর নেই

নোবেলজয়ী আমেরিকান সাহিত্যিক টনি মরিসন আর নেই। পরিবারের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার বিবিসি জানিয়েছে ৮৮ বছর বয়সি টনি মরিসন ৫ আগস্ট রাতে মারা গেছেন।

১৯৯৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান ১১টি উপন্যাসের লেখিকা টনি মরিসন। আফ্রিকান-আমেরিকান চরিত্রগুলো তার লেখায় মুখ্য হয়ে উঠেছে। ১৯৭০ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘দ্য ব্লুয়েস্ট আই’। এক কৃষ্ণাঙ্গ তরুণীর কাহিনী নিয়ে লেখা হয়েছে এ উপন্যাস। ১৯৮৭ সালে প্রকাশিত হয় টনির আরেকটি বিখ্যাত উপন্যাস ‘বিলাভড’। এ উপন্যাসের জন্য পুলিত্জার পুরস্কার পেয়েছিলেন তিনি। উপন্যাসটি অবলম্বনে একটি চলচ্চিত্রও নির্মিত হয়। জীবন ও মৃত্যু নিয়ে একবার মরিসন বলেছিলেন, আমরা মারা যাব। খুব সম্ভবত এটিই জীবনের মানে। কিন্তু আমরা জীবনের উন্নতি ঘটাই। সম্ভবত এটাই আমাদের জীবনের মাপকাঠি। ২০১২ সালে তিনি যুক্তরাষ্ট্রের তত্কালীন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ পুরস্কার গ্রহণ করেন। আমেরিকার সাহিত্যে অসামান্য অবদান রাখার জন্য ১৯৯৬ সালে তিনি ‘ন্যাশনাল বুক ফাউন্ডেশনস মেডেল’ অর্জন করেন। টনি মরিসন ‘র্যানডম হাউজে’র প্রথম আফ্রিকান-আমেরিকান ?নারী সম্পাদক ছিলেন।