বসতবাড়িতে মিললো মজুত করা পেট্রোল, মালিক পলাতক

টাঙ্গাইলের ভূঞাপুরে বাড়িতে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে সবুজ মিয়া নামের একজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ১০০ লিটার পেট্রোল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ এপ্রিল) সকালে পেট্রোল জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান। এর আগে শনিবার রাতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে জানিয়েছেন তিনি। এসময় বিস্ফোরক লাইসেন্স ছাড়া পেট্রোল বিক্রির দায়ে আরও একজন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভারই এলাকার অসাধু ব্যবসায়ী সবুজ মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান। এসময় অভিযান টের পেয়ে পালিয়ে যায় সবুজ। পরে তার বসত ঘর থেকে ১০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।

এর আগে বিকেলে উপজেলার গোবিন্দাসী ঘাটপাড় এলাকায় তেল বিক্রির জন্য বিস্ফোরক লাইসেন্স না থাকায় নাসির নামের একজনকে জরিমানা দেওয়া হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান জানান, অভিযান চালিয়ে সবুজ মিয়ার বাড়িতে অবৈধভাবে মজুত রাখা ১০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে। পরে পালিয়ে যাওয়া মজুতকারীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।