রাজধানীর পল্লবীতে গতকাল মঙ্গলবার দুপুরে নির্মাণাধীন একটি বহুতল আবাসিক ভবনে কাজ করার সময়ে বাঁশের তৈরি মাচা ভেঙে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বিকালে চিকিত্সাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়াসিম উদ্দিন (২৫) এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে মো. সেলিম (১৯) ও সোহেল রানা (২০) নামে অপর দুই শ্রমিক মারা যান।
নিহত ওয়াসিমের মামা মিজানুর রহমান জানান, পল্লবীর পূরবী সিনেমা হলের পাশে জি এ ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানের ‘মাধবীলতা’ নামে ১০ তলা ভবনের ৯ তলার বাইরের অংশে তার ভাগনেসহ অপর দুই জন বাঁশের মাচা তৈরি করে দেওয়ালে পলেস্তারের কাজ করছিল। হঠাত্ করে মাচাটি ভেঙে পড়লে তিন জনই নিচে পড়ে যায়। আহত অবস্থায় তিন জনকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ওয়াসিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অপর দুই জনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিত্সকরা মৃত ঘোষণা করেন।
পল্লবী থানার এসআই শফিয়ার রহমান জানান, বাঁশের মাচাটি কীভাবে ভাঙল, শ্রমিকদের নিরাপত্তায় সেখানে নির্মাতা প্রতিষ্ঠানের কোনো গাফিলতি ছিল কি না তা তারা তদন্ত করছেন। ঐ ঘটনায় আপাতত অপমৃত্যু মামলা হয়েছে।