জামালপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গোলাম মস্তোফা (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহত গোলাম মস্তোফা সদর উপজেলার তিতপল্লা গ্রামের মৃত মিয়ার উদ্দিনের ছেলে।

সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের চরশীকান্দা গ্রামে গোলাম মস্তোফার সঙ্গে একই গ্রামের মুকুলের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত ৫ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ৮টার দিকে মুকুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গোলাম মস্তোফার বাড়িতে হামলা চালায়। এ সময় গোলাম মস্তোফাকে তারা এলোপাথারী কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। 

এ ব্যাপারে নিহতের স্ত্রী সালেহা বেগম বাদী হয়ে ৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে জামালপুর সদর থানায় মুকুলকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আরও পড়ুনঃ মির্জা আব্বাসের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে মেননের আপিল

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নাছিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু