ঝড়ে বিপর্যস্ত মনোহরগঞ্জ, ৩৬ ঘন্টায়ও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ

কুমিল্লার মনোহরগঞ্জে ঝড়ের আঘাতে উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে ও তার ছিড়ে লাইন বিধস্ত হওয়ায় কিছু এলাকায় এখনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। টানা ৩৬ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ঐ এলাকার কয়েক হাজার গ্রাহক। বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যা নাগাদ ক্ষতিগ্রস্থ বৈদ্যুতিক লাইন চালু হওয়ার কথা জানিয়েছে উপজেলা বিদ্যুৎ অফিস।

উপজেলা পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে হঠাৎ ঝড়ের আঘাতে উপজেলার মৈশাতুয়া, আমতলি, আশিয়াদারি, নাথেরপেটুয়া, গোটরা, বাইশগাঁও, নারায়নপুর, লক্ষনপুর, সরসপুর, সাটরা, রুদ্রপুর, ডুমুরিয়া, আলোকপাড়া, কিসমত, শ্রীধরপুর, জাওড়া, কাঁচি, বিহড়া, পাটিয়ালা, বাকরা, বাতাবাড়িয়াসহ বিভিন্নস্থানে বৈদ্যুতিক লাইন চরম ক্ষতিগ্রস্থ হয়।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ৪ নাথেরপেটুয়া সাব জোনাল অফিসের এসিসট্য্যান্ট  জেনারেল ম্যানেজার (এজিএম) আহসান হাবিব জানান নাথেরপেটুয়া সাব জোনাল অফিসের আওতায় ঝড়ের আঘাতে ১২টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে যায়, ৫৭টি স্পটে তার ছিড়ে যায়, ১শ ৭৭টি স্পটে লাইনের উপর গাছপালা ভেঙ্গে পড়ে, ৯টি ক্রসআর্ম ভেঙ্গে যায়, ৫৭টি মিটার ভেঙ্গে যায় ও ১২টি ইনসুলেটর ভেঙ্গে যায়, ৫টি ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়, ৩৩টি সেকশন ফিউজ পুড়ে যায়, ৭টি পুল হেলে পড়ে, ৯টি ফিউজ কাটাউট নষ্ট হয়ে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তিনি জানান ক্ষতিগ্রস্থ লাইন মেরামতে বিদ্যুৎ কর্মীরা দিনরাত কাজ করেছে। বুধবার সন্ধ্যা নাগাদ বিদ্যুৎ লাইন পুরোপুরি সচল হওয়ার কথা জানান তিনি।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ৪ মনোহরগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এ.কে.এম আজাদ জানান, মনোহরগঞ্জ জোনাল অফিসের আওতায় ঝড়ের আঘাতে  ৩টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে যায়, ৩৬টি স্পটে তার ছিড়ে যায়, ১শ ৬০টি স্পটে লাইনের উপর গাছপালা ভেঙ্গে পড়ে, ১০টি ক্রসআর্ম ভেঙ্গে যায়, ৭৫টি মিটার ভেঙ্গে যায় ও ৪টি ইনসুলেটর ভেঙ্গে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্থ লাইন মেরামতে বিদ্যুৎকর্মীরা মাঠে কাজ করছে।