বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) রাজনৈতিক প্রভাবমুক্ত ও পেশাদার করার ঘোষণা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিসিবি কোনো পরিবহনের স্ট্যান্ড নয় যে এখানে ‘বাপের দোয়া’ বা ‘মায়ের দোয়া’ মার্কা পকেট কমিটি চলবে।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি সাফ জানিয়ে দেন, বিগত সময়ে ক্ষমতার অপব্যবহার করে গঠিত অবৈধ কমিটিকে বিদায় করা হয়েছে এবং তামিম ইকবালের মতো বিশ্ববরেণ্য ক্রিকেটারদের হাতেই এখন দেশের ক্রিকেট নিরাপদ।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট একটি বিল উত্থাপনের ওপর আলোচনায় অংশ নিয়ে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বিসিবির কমিটি ভেঙে অ্যাডহক কমিটি করার সমালোচনা করেন। এর জবাবে মন্ত্রী বিসিবি, মানবাধিকার কমিশন ও বিগত সরকারের অনিয়ম নিয়ে পাল্টা বক্তব্য দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার প্রয়োগ করে সারা বাংলাদেশের জেলা কমিটিগুলোকে প্রভাবিত করেছিলেন। হাইকোর্টের আদেশ তোয়াক্কা না করে একতরফাভাবে ক্রিকেট বোর্ড দখল করা হয়েছিল।
ক্রীড়ামন্ত্রীর নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি বিসিবিতে জঘন্য সব অনিয়ম খুঁজে পেয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, সেই পকেট কমিটি ভেঙে দিয়ে তামিম ইকবালকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আমরা এখানে কোনো ‘বাপের দোয়া’ কমিটি করতে আসিনি; বরং দেশের ক্রিকেটকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিতে চাই।
স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য ক্রিকেট ইস্যুর পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান, মানবাধিকার কমিশনসহ একাদিক বিষয় নিয়ে আলোচনা করেন।