এই সময়ের ছড়া

গরু কিনতে গিয়ে

শাহেদ ইকবাল

 

গাবতলীতে গিয়েছিলাম ঈদের গরু কিনতে কাল

হঠাত্ করে মাইকে শুনি আমি নাকি ‘ইন্তেকাল’!

 

ছুট লাগালাম—কে ধরে খুঁত

শেষকালে কি হই আমি ভূত?

মরেই যদি যাই তবে কে এই পথে যায় রোজ বিকাল?

 

পাগল হয়ে খুঁজছি মাইক

চারপাশে সব মোটরবাইক

ভাঙা থালা বাড়িয়ে দিয়ে ফকির বলে, ‘খাইনি কাল।’

 

ভূতের কি আর হয় মায়া

থাকে না যার রূপছায়া

তবু্ও কেন সেই ফকিরের হাত ধরে কই, ‘চিনতে কাল?’

 

ফকির হাসে মারফতি

‘চিনলে তোমায় কার ক্ষতি?

এই দুনিয়ার রঙ্গমেলায় সবাই করে তিলকে তাল।’