বাংলা বানানের নিয়ম-কানুন

ফরহাদ কবীর খান

সহকারী শিক্ষক (বাংলা )

বালিজুড়ী  এফ. এম. উচ্চ বিদ্যালয়   জামালপুর 

 

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। বন্ধুরা বাংলা ব্যাকরণে ‘সমাস’ একটি গুরুত্বপূর্ণ পাঠ। যা স্কুল জীবন থেকে শুরু করে চাকরীর পরীক্ষাতেও কাজে লাগে। তাই আমাদের প্রত্যাশা তোমরা সমাসের এই ধারাবাহিক আলোচনায় আমাদের সাথে থাকবে। গত পর্বে আমরা সমাসের প্রাথমিক আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করবো এর প্রকারভেদ নিয়ে। প্রথমেই আসে দ্বন্দ্ব সমাস।

বন্ধুরা, দ্বন্দ্ব বলতে আমরা সাধারণত বুঝি অমিল। কিন্তু সমাসের ভাষায় ‘দ্বন্দ্ব’ শব্দের অর্থ ‘জোড়া’। তোমরা এভাবেও মনে রাখতে পারো- “ যত মিল তত কিল” অর্থাত্ যার সাথে মিল হয় তার সাথে আবার কিলও হয় বেশি। যেমন:

ভাই ও বোন = ভাইবোন, মা ও বাবা = মাবাবা। ভাইবোন এবং মাবাবাতে মিল ও কিল দুইই হয়।

এসো আমরা দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা দেখে নেই।

দ্বন্দ্বসমাস

যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে সমাসবদ্ধ পদে তাকে দ্বন্দ্ব সমাস বলে।

যেমন: জমা ও খরচ =  জমা-খরচ।

হাট ও বাজার = হাট -বাজার।

উপরের ব্যাসবাক্যে যে পদগুলো রয়েছে তাদের প্রত্যেকটি  পদের   অর্থের প্রাধান্য রয়েছে সমাসবদ্ধ পদে । দ্বন্দ্ব সমাসে   পূর্বপদ ও  পরপদের অর্থের সম্বন্ধ বোঝানোর জন্য সমাস-বাক্যে এবং , ও  আর এই তিনটি অব্যয় পদ ব্যবহূত হয় । 

যেমন: মাতা ও পিতা = মাতা- পিতা। এখানে  ও  অব্যয় পদ ব্যবহার করা হয়েছে ।

দ্বন্দ্ব সমাস কয়েক প্রকারে সাধিত হয়।

১। মিলনার্থক দ্বন্দ্ব: নিকট সম্পর্ক যুক্ত দুই বা ততোধিক পদের মিলনে যে দ্বন্দ্ব সমাস হয় তাকে মিলনার্থক দ্বন্দ্ব বলে। যেমন:  মশা ও মাছি  = মশা-মাছি।

ভাই ও বোন  = ভাই-বোন।

২। বিপরীতার্থক দ্বন্দ্ব:যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ পরস্পর বিপরীত অথর্ বহন করে তাকে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস বলে । যেমন:  নর ও নারী = নর-নারী।

দিন ও রাত = দিন- রাত।

৩। বিরোধার্থক দ্বন্দ্ব : পরপদ ও পূর্বপদ বিরোধপূর্ণ অর্থ প্রকাশ করলে তাকে বিরোধার্থক দ্বন্দ্ব সমাস বলে । যেমন: দা ও কুমড়া = দা- কুমড়া।

অহি ও নকুল  = অহি-নকুল।

৪। সমার্থকদ্বন্দ্ব  :  পরপদ ও পূর্বপদ একই অর্থ প্রকাশ করলে তাকে সমার্থক দ্বন্দ্ব সমাস বলে ।

যেমন: ঘর ও বাড়ি = ঘর- বাড়ি।

৫। অলুকদ্বন্দ্ব : যে দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্যের বিভক্তি চিহ্ন সমস্তপদে লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। যেমন: দুধে ও ভাতে  = দুধে-ভাতে।

হাতে ও কলমে   =  হাতে- কলমে।

        

       পরের অংশ আগামী শনিবার